তারেক মাসুদকে ছাড়া ১৩ বছর
দেশের অন্যতম গুণী নির্মাতা তারেক মাসুদ। জীবনের সকল ধরনের স্বার্থপরতা ত্যাগ করে শুধু সিনেমা নির্মাণে নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই কিংবদন্তী নির্মাতা। বলতে চেয়েছিলেন নিজের মাটি ও মানুষের গল্প। কিন্তু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় তার জীবন। তাকে হারানোর তেরো বছর পূর্ণ হলো আজ।
২০১১ সালের ১৩ আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। একই দিনে দুর্ঘটনায় তার সঙ্গে ছিলেন দীর্ঘদিনের সহকর্মী অন্যতম সাংবাদিক ও চিত্রগ্রাহক মিশুক মুনীর। তাদের দুজন ছাড়াও আরো ৩ জনের মৃত্যু হয়।
আগামী দিনের তরুণ নির্মাতাদের কাছে তারেক মাসুদ ছিলেন এক স্বপ্নের নাম। তিনি যেভাবে চলচ্চিত্রকে ভালোবাসতেন, যেভাবে কাজ করতেন, তাতে তাকে সিনেমাযোদ্ধা বললেও ভুল হবে না। খুব সাধারণ জীবনযাপন করা মেধাবী এই মানুষটি যতদিন বেঁচে ছিলেন, ততদিন লড়াই করে গেছেন সিনেমা নিয়ে।
তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’র জন্য ২০০২ সালের কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টর ফোর্টনাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তারেক মাসুদ। তার অন্য ছবিগুলোও আন্তর্জাতিকভাবে প্রশংসিত।
তারেক মাসুদ নির্মিত অন্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো— অন্তর্যাত্রা ও রানওয়ে। এছাড়া আ কাইন্ড অফ চাইল্ডহুড, নারীর কথা, মুক্তির কথা, আদমসুরত, মুক্তির গানসহ আলোচিত কিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেন তিনি।
দ্য নিউজ/এন এ
