অপূর্ব’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আইনি ব্যবস্থা নেবেন অভিন
নাটকের অন্যতম বড় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি এই অভিনেতার বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, অর্থ আত্মসাৎ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।
অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটির ২৪টি নাটকে অভিনয়ের জন্য ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন অপূর্ব। কিন্তু ৯টি নাটকে কাজ করে ৩৩ লাখ টাকা নিয়ে অপূর্ব সবধরনের যোগাযোগ বন্ধ করে দেন। এরই পরিপ্রেক্ষিতে, গত ১১ই মার্চ আর্থিক ক্ষতির অভিযোগ এনে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এবং অভিনয়শিল্পী সংঘে লিখিত অভিযোগ করেছেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)।
শুরুতে বিষয়টি কথা না বললেও অবশেষে মুখ খুলেছেন এ অভিনেতা। এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এখন বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলে গেছে। আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বিষয়টি দেখছে। পাশাপাশি টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) বিষয়টি অবগত, তারা যা বলার বলবেন। একইসঙ্গে আমার আইনজীবী কথা বলবেন। যেহেতু আইনি প্রক্রিয়ায় আমি এগোচ্ছি তাই এটা নিয়ে কোনো মন্তব্য বা কথাবার্তা এই মুহূর্তে বলতে চাই না। এসব আমি কথা বললে আইনি প্রক্রিয়া বাধাগ্রস্থ হতে পারে বলে আমার আইনজীবী জানিয়েছেন। তাই যা বলার তারাই বলবেন।’
