শিক্ষার্থীদের সংহতি জানিয়ে রাজপথে শিল্পীরা
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে দেশের শিল্পীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে সমবেত হন দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ।
‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার হয়রানির প্রতিবাদে এবং সকল হত্যার হিসাব ও বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিসহ অবিলম্বে সকল হত্যাকাণ্ডের বিচার ও হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার হয়রানি বন্ধ করতে হবে।
সাংবিধানিক অধিকারের কথা উল্লেখ করে এ বিজ্ঞপ্তিতে বলা হয়— যেই ন্যায্যতা, সমতা ও মানবিক মর্যাদার অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘটেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, সেই বাংলাদেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ও ন্যায়বিচার আমাদের সাংবিধানিক অধিকার। ভয়হীন-ন্যায্য-মানবিক মর্যাদার বাংলাদেশ চাই।
শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন— আকরাম খান, মোস্তফা সরওয়ার ফারুকী, নূরুল আলম আতিক, আজাদ আবুল কালাম, ধ্রুব হাসান, আজমেরী হক বাঁধন, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, মুনেম ওয়াসিফ, ঋতু সাত্তার, তাসলিমা আকতার লিমা, তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজিব, নুসরাত ইমরোজ তিশা, তানজিম ওয়াহাব, ইয়াছির আল হক, শঙ্খ দাশগুপ্ত, সাবিলা নূর, নাসিক আমিন, তাসনিয়া ফারিন, মোশাররফ করিম, সিয়াম আহমেদ।
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাস্তায় দাঁড়িয়ে দেশের অন্যতম অভিনেতা মোশাররফ করিম বলেছেন, ‘আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত– এগুলো দেখতে চাই না। এসবের বাইরে থাকতে চাই।’এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক হাইপারটেনশনের রোগী হয়ে গেছি। এগুলো দেখতে আর ভালো লাগে না। আমরা শান্তি চাই, রক্তপাত চাই না...আমি তো অনেককে অনেক কিছুই বলতে পারি। কিন্তু বিষয়টি সিদ্ধ হতে হবে। এগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার। কোনো প্রমাণিত সত্য আমার হাতে না পেলে, এটা বলতে পারি না।’ আন্দোলনে সম্পৃক্ত হয়ে ভয় রয়েছে কি না জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘আমি সাধারণ মানুষ। আমরা সবাই সাধারণ মানুষ।’
আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনবলেন, ‘যে রাষ্ট্র প্রকাশ্যে নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলি চালায়, যে রাষ্ট্র নির্বিচারে গণগ্রেপ্তার করে; সে রাষ্ট্র কখনওই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না। ওই বাচ্চাগুলোর জায়গায় আমার মেয়ে থাকতে পারতো। ওই মানুষগুলোর জায়গায় আমি আপনি থাকতে পারতাম। এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে পারে নাই। এর দায় রাষ্ট্রের নিতে হবে। আমি এই দেশেই থাকব। এই ভাবেই থাকব। আমার অধিকার, স্বাধীনতা নিয়ে থাকব। এরকম নিপীড়িত হয়ে আমি থাকব না। আমার সন্তান এই পরিবেশে বেড়ে উঠবে না। কারণ দেশটা আমার। দেশটার সংস্কারও করব আমরা।’
শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বর্তমান সময়ে নায়ক সিয়াম আহমেদ বলেন, ‘আমার পক্ষ থেকে আলাদা করে কিছু বলার নেই। পুরো দেশের মানুষের একই কথা। দেশের মানুষ যখন একসঙ্গে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার; সেটা অবশ্যই ফেলে দেওয়ার মতো নয়। আমার যে ভাই এবং বোনটা মারা গেল আপনি যদি সুস্থ এবং স্বাভাবিক মানুষ হন তাহলে রাতে ঘুমাতে পারবেন না। আমার কানে এখনও বাজে, কারও পানি লাগবে? দেখুন কত পানি আসছে এখন। এটা যতদিন মাথায় থাকবে ততদিন শান্তিতে ঘুমাতে পারবে না বাংলাদেশের মানুষ। আজকে ছাত্ররাই আমাদের মূল দর্শকশ্রোতা। যাদের আমাদের প্রয়োজন, আমরা যদি তাদের পক্ষ হয়ে না দাঁড়াতে পারি তাহলে কেন কাজ করলাম।’
এ সময় আন্দোলনকারীরা নতুন করে আগামী দিনের পথ দেখাচ্ছে উল্লেখ করে মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুন বলেন, ‘যার কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি। চলচ্চিত্র মিডিয়া ইন্ডাস্ট্রি পিছিয়ে যাওয়ার কোনও ভয় দেখছি না। যে কোনও কিছুর আগে সমাজ ও রাষ্ট্র। সমাজ আর রাষ্ট্র মানবিক হলে, এখন যেখানে আপনাদের মনে হচ্ছে... ব্যবসা-বাণিজ্য ও মিডিয়া ইন্ডাস্ট্রি পিছিয়ে যাচ্ছে, সেটি তখন ৪ গুণ বেশি গতিতে এগিয়ে যাবে।’
অভিনেত্রী নাজিয়া হক অর্ষা বলেন, এভাবে গ্রেপ্তার মোটেও গ্রহণযোগ্য নয়। এত রক্ত, এত ক্ষত আমি মেনে নিতে পারিনি, পারছিও না সাধারণ নাগরিক হিসেবে। তাদের যে দাবি সেটা যদি শুরুতেই আলোচনায় শেষ করা হতো তাহলে এত মানুষ মরতো না। ওই জায়গা থেকে মনে ক্ষত আছে আমার। যেভাবে মারধর, গুলি করা হচ্ছে এটা বন্ধ করা উচিৎ।
সাবিলা নূর বলেন, যেসব শিক্ষার্থী ও শিক্ষকরা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি চাই। যেসব হত্যা হয়েছে সেসবের বিচার চাই।
এছাড়া অন্যান্য বক্তারা আরও বলেন, ছাত্রদের ওপর এমন নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ড কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারেনা। এ কারণে তারা মাঠে নেমেছেন। তাদের দাবি, ছাত্রদের এমন দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকা সহজ নয়। শিল্পীদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী ব্লক রেড দিয়ে যেভাবে ছাত্রদের গ্রেফতার করছে তা কোনভাবেই সভ্য সমাজে হতে পারেনা। আগামিকাল আবাহনী মাঠে পাশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা।
