নারী দিবসে সম্মাননা পাচ্ছেন ৮ অভিনেত্রী
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা পাচ্ছেন আট অভিনেত্রী। নাট্যদল কাঁচখেলা রেপার্টরি এ সম্মাননা দিচ্ছেন। মঞ্চে একক অভিনয়ে প্রতিভার স্বাক্ষর রাখা আট মঞ্চাভিনেত্রীকে সম্মানিত করা হবে আজ সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।
সম্মাননাপ্রাপ্ত অভিনেত্রীরা হলেন, মোমেনা চৌধুরী, নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রোজী সেলিম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও নির্দেশক নাজনীন হাসান চুমকি এবং গুণী অভিনেত্রী তনিমা হামিদ, জুয়েনা শবনম, শামসি আরা সায়েকা, হাসিনা সাফিনা বানু উর্মি ও সৈয়দা নওশীন ইসলাম দিশা। এই আটজন নারী আটটি দলে একক অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবছর কাঁচখেলা রেপার্টরি আয়োজন করে নাট্যোৎসব। এ উৎসবে সম্মাননা দেওয়া হয় নারী অভিনেত্রীদের। ২০২২ সালে মঞ্চনাটকের চারজন নারী নাট্যকার ও চারজন নির্দেশককে সম্মাননা দেওয়া হয়। পরের বছর মঞ্চনাটকে সামগ্রিকভাবে নারীর মেধার মূল্যায়নে আট বিভাগের আট নারী নাট্য অভিনয়শিল্পীকে সম্মানিত করা হয়।
সেই ধারাবাহিকতায় এ বছরও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাঁচখেলা রেপার্টরি থিয়েটার আয়োজন করতে যাচ্ছে ‘তীর-কাঁচখেলা নাট্য উৎসব ও নারী নাট্য সম্মাননা ২০২৪’।
উৎসবের উদ্বোধনী দিনে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী নারী শিল্পীদের হাতে সম্মাননা তুলে দেবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম। অন্যদিকে অনুষ্ঠানে তিন দিনব্যাপী নাট্যোৎবের উদ্বোধন ঘোষণা করবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। উৎসবে থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’ এবং অনুস্বরের ‘হার্মাসিস ক্লিওপেট্রা’র মঞ্চায়ন হবে।
