সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাউশির মহাপরিচালকের কাছে পাঠানো মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৩ নভেম্বরের একটি স্মারকের সূত্র উল্লেখ করে নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের সচেতন করতে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের ওই চিঠিতে জানানো হয়, মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর বেলা আড়াইটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।
চিঠির সংযুক্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে মন্ত্রিসভার দুটি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে:
স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার: গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম গ্রহণ।
সৌরবিদ্যুতের ব্যবহার: গত ৩ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সব সরকারি দপ্তর ও অফিসে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ।
