ক্লাসে ৬০ শতাংশের কম উপস্থিত থাকলে পরীক্ষা দিতে পারবে না ডিসিইউ শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) প্রশাসন।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো কোর্সে ক্লাস উপস্থিতির হার ৬০ শতাংশের কম হলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফারহানা তাবাসসুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থীর শ্রেণি উপস্থিতি ৬০ শতাংশ বা তার বেশি কিন্তু ৭৫ শতাংশের কম (অর্থাৎ ৬০% থেকে ৭৪%), তারা ‘নন-কলেজিয়েট’ শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবেন। নির্ধারিত ‘নন-কলেজিয়েট’ ফি পরিশোধ সাপেক্ষে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
অন্যদিকে, কোনো কোর্সে উপস্থিতির হার ৬০ শতাংশের কম হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ‘ডিস-কলেজিয়েট’ হিসেবে গণ্য করা হবে এবং তিনি সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি অধিভুক্ত সাত কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।
