এমআইএসটির একাডেমিক সক্ষমতা বাড়ছে ২৭ শতাংশ, নতুন ব্যাচে ভর্তি শুরু
ছবি সংগৃহীত
একাডেমিক সক্ষমতা প্রায় ২৭ শতাংশ বাড়ানোর উদ্যোগ নিয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। এ লক্ষ্যে ৩৫টি দক্ষতা উন্নয়ন কোর্স চালুর পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকে নিয়মিত ব্যাচের সঙ্গে ২০২৬ সালের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য নতুন একটি ব্যাচে ভর্তি কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার মিরপুর সেনানিবাসে এমআইএসটি ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির ২৩তম কাউন্সিল সভা ও ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। একই দিনে নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআইএসটি কাউন্সিলের সভাপতি এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।
কাউন্সিল সভায় প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। চলমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার উৎকর্ষ সাধনে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও সিদ্ধান্ত দেওয়া হয়।
সভা শেষে প্রধান অতিথি নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং দলগত সহযোগিতার মনোভাব গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। নতুন এই স্থাপনা শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বাড়াবে বলে আশা প্রকাশ করা হয়।
১৯তম সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পদক ও সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী। শিক্ষাজীবন সফলভাবে শেষ করা এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি স্নাতকদের অভিনন্দন জানান।
তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, জাতীয় মূল্যবোধে উজ্জীবিত, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নতুন প্রজন্ম গড়ে তোলা জরুরি। এমআইএসটিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের দক্ষ, বিবেকবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দেন।
‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্র ধারণ করে মেধা ও মননের পূর্ণ বিকাশের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে স্নাতকদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা, নাট্যকার ও প্রকৌশলী আবুল হায়াত। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও মনোযোগী হওয়ার পাশাপাশি পিতা-মাতা, শিক্ষক ও দেশের সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল ও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত এমআইএসটির ১৯তম সমাবর্তনের আওতায় মোট ৩ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তাঁদের মধ্যে ৯৪৩ জন সামরিক, ২ হাজার ৭১৮ জন বেসামরিক এবং সাতজন বিদেশি শিক্ষার্থী।
কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে ২০০২ থেকে ২০০৯ এবং ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন বিভাগের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ওসমানী মেমোরিয়াল স্বর্ণপদক’ এবং ৬৫ জনকে ‘এমআইএসটি পদক’ দেওয়া হয়।
শিক্ষার্থীদের ব্যবহারিক ও শিল্পখাতভিত্তিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে বিভিন্ন বিষয়ে ৩৫টি দক্ষতা উন্নয়ন কোর্স চালুর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এসব কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা হবে।
আগামী শিক্ষাবর্ষ থেকে এমআইএসটির নিয়মিত চারটি ব্যাচের পাশাপাশি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য নতুন একটি ব্যাচে ভর্তি নেওয়ার পরিকল্পনা রয়েছে। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর অল্প সময়ের মধ্যেই নতুন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু হবে। এতে জাতীয় শিক্ষাসূচির সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের সামঞ্জস্য বজায় থাকবে এবং একাডেমিক সক্ষমতা প্রায় ২৭ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, এমআইএসটির কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক, স্নাতকদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
