ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি
বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। প্রকাশিত শিক্ষাপঞ্জি ও সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই ছুটি প্রতিষ্ঠানভেদে টানা ১২ থেকে ১৮ দিন পর্যন্ত হতে পারে। এই অবকাশের মধ্য দিয়েই ২০২৬ শিক্ষাবর্ষের নির্ধারিত ছুটির তালিকা শেষ হবে।
প্রাথমিক ও মাধ্যমিকে টানা ১২ দিনের ছুটি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে শীতকালীন অবকাশ শুরু হবে আগামী ২০ ডিসেম্বর (রোববার) থেকে, যা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এর ঠিক আগে ১৮ ও ১৯ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় এবং এর মাঝে ২৫ ডিসেম্বর বড়দিনের সাধারণ ছুটি যুক্ত হওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১২ দিনের ছুটি ভোগ করবেন।
কলেজে সর্বোচ্চ ১৮ দিনের ছুটি
প্রাথমিক ও মাধ্যমিকের তুলনায় কলেজ পর্যায়ে ছুটির মেয়াদ সবচেয়ে বেশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কলেজে শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি এবং ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী ১ ও ২ জানুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের দীর্ঘ ছুটি পাবেন।
মাদরাসায় ছুটি ১৫ দিন
স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের সরকারি-বেসরকারি মাদরাসাগুলোতে শীতকালীন অবকাশ শুরু হবে ১৩ ডিসেম্বর এবং চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১৫ দিনের ছুটি পাবেন।
প্রতিষ্ঠানভেদে ছুটি বাড়ার সুযোগ
২০২৬ শিক্ষাবর্ষের নির্ধারিত তালিকা অনুযায়ী ডিসেম্বরের এই অবকাশই বছরের শেষ ছুটি। তবে নিয়ম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে সংরক্ষিত অতিরিক্ত দুই দিনের ছুটি রয়েছে। কোনো প্রতিষ্ঠানপ্রধান চাইলে প্রয়োজন অনুযায়ী এই সংরক্ষিত ছুটি সমন্বয় করতে পারবেন; সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন বাড়তি ছুটি পাওয়ার সুযোগ পাবেন।
