পুনর্মূল্যায়নেও ফেল, তবু সম্পূরক পরীক্ষার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা
ছবি সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের পরও এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে। তবে এ সুযোগ পাবেন শুধু তারাই, যারা নির্ধারিত সময়ের মধ্যে সম্পূরক পরীক্ষার জন্য আবেদন করেছেন। নতুন করে আবেদন করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ আর থাকছে না।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে তিনি বলেন, দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে যারা উত্তরপত্র পুনর্মূল্যায়নের পরও পাস করতে পারেননি, তারা সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে এ জন্য আগে থেকেই আবেদন করা থাকতে হবে।
তিনি বলেন, যারা সম্পূরক পরীক্ষার জন্য আবেদন করেননি, তাদের এখন আর পরীক্ষায় বসার সুযোগ নেই। অন্যদিকে, পুনর্মূল্যায়নের পর যারা ফেল থেকে পাস করেছেন, তাদের সম্পূরক পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই এবং এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও থাকছে না।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এবারই প্রথম সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদনের সময়সীমা গত ১৯ নভেম্বর শেষ হয়েছে।
পুনর্মূল্যায়নে ফল বদলেছে ২৩ হাজারের বেশি শিক্ষার্থীর
এদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে সোমবার। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।
এবার ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন। পুনর্মূল্যায়নে ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন। আর অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী।
ফলে পুনর্মূল্যায়নের পরও যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য রয়েছেন, তাদের জন্য সম্পূরক পরীক্ষাই পাস করার পরবর্তী সুযোগ। তবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করায় অনেক শিক্ষার্থী এ সুযোগ থেকে বঞ্চিত হবেন।
