আগের সূচিতেই ঢাবির ভর্তি পরীক্ষা
আবেদনের সময় অন্তত দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত, সোমবার প্রকাশ হয়েছে এইচএসসির পুনর্মূল্যায়নের ফল
ছবি সংগৃহীত
আইনি জটিলতা কেটে যাওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে এইচএসসির পুনর্মূল্যায়নের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সুযোগ দিতে ভর্তি আবেদনের সময় অন্তত দুই দিন বাড়ানো হচ্ছে।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময় কমপক্ষে দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। শিক্ষামন্ত্রীও শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে আবেদন করতে পারে, সে জন্য সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ভর্তি কমিটির সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সূচি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এ লক্ষ্যে ১১ নভেম্বর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৫ নভেম্বর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে।
এর আগে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ সোমবার স্থগিত করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
এর ফলে পূর্বনির্ধারিত সূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা থাকছে না।
আপিল বিভাগের আদেশের পর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই। ফলে নির্ধারিত সূচিতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এইচএসসির সম্পূরক পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশনা চেয়ে করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত বুধবার হাই কোর্ট ওই অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন। সোমবার আপিল বিভাগ তা স্থগিত করেন। একই দিন বিকালে এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলও প্রকাশ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষার সূচি হলো—
- আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর, শনিবার।
- বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর, শনিবার।
- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর, শনিবার।
- চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর, মঙ্গলবার।
- ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর, শনিবার।
এর আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময় সভা হয়। সেখানে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে আগের সূচিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিলে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন এক অভিভাবক। সেই রিটের পরিপ্রেক্ষিতেই ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ এসেছিল। আপিল বিভাগে সেই আদেশ স্থগিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের সূচিতে পরীক্ষা আয়োজনের পথ খুলেছে।
