উচ্চশিক্ষিতদের বেকারত্ব ১৩.৫৪%, অশিক্ষিতদের মাত্র ১.২৫ শতাংশ
দেশে উচ্চশিক্ষিত স্নাতকদের মধ্যে বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। বিপরীতে প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মানুষের বেকারত্বের হার মাত্র ১ দশমিক ২৫ শতাংশ। একদিকে লাখ লাখ শিক্ষিত তরুণ কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন, অন্যদিকে শিল্প ও সেবা খাতের গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন বিদেশি কর্মীরা। শিক্ষাব্যবস্থার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার বড় ধরনের অসামঞ্জস্যকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাবির অবস্থান’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
উপাচার্য বলেন, ২০২৪ সালের অর্থনৈতিক শুমারির তথ্য অনুযায়ী, দেশের শিল্প ও সেবা খাতের কারিগরি এবং প্রকৌশল পদের ২২ দশমিক ৭০ শতাংশ বিদেশি কর্মীদের দখলে। একইভাবে প্রশাসনিক ও হিসাবরক্ষণ পদের ২৩ দশমিক ৩৬ শতাংশেও কাজ করছেন বিদেশিরা।
তিনি বলেন, “এর অর্থ হলো, আমাদের শ্রেণিকক্ষের পাঠদান এবং শিল্পপ্রতিষ্ঠানের আধুনিক প্রযুক্তির মধ্যে এক বিশাল শূন্যতা বিরাজ করছে।”
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের প্রভাব তুলে ধরে উপাচার্য বলেন, ২০৩০ সালের মধ্যে বিশ্বে ৯ কোটি ২০ লাখ চাকরি বিলুপ্ত হতে পারে। তবে একই সময়ে নতুন ধরনের ১৭ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই পরিবর্তিত অর্থনীতিতে টিকে থাকতে হলে দেশের উচ্চশিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে।
মানসম্মত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সম্পর্ক তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। এ জন্য আইনি কাঠামো পুনর্বিন্যাস, প্রাতিষ্ঠানিক সেতুবন্ধন তৈরি, শিল্প খাতে গবেষণা বাধ্যতামূলক করা এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠদানে শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তাব দেন।
এ ছাড়া প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদদের ভিজিটিং ফ্যাকাল্টি ও মেন্টর হিসেবে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান তিনি।
উপাচার্য আরও বলেন, মৌলিক ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। গবেষণালব্ধ জ্ঞানকে উদ্ভাবনী উদ্যোগে রূপান্তরের পাশাপাশি রাষ্ট্র, শিল্প, সমাজ ও অর্থনীতির বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও সক্ষমতা কাজে লাগাতে হবে।
জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের রোল মডেল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
উন্নত দেশগুলোর অভিজ্ঞতা অনুসরণ করে এগিয়ে যাওয়ার পাশাপাশি নতুন উদ্ভাবনী চিন্তা ও দক্ষতার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নিরসন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়নের ওপর গুরুত্ব দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার।
