পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত গত ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, সংবিধি ও একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীনভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ইউজিসির সব সদস্য এবং ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা যুক্ত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত উপাচার্যদের এক সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছিল।
তবে ওই সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনার ক্ষমতা ও একাডেমিক স্বায়ত্তশাসন নিয়ে নানা ধরনের ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে বিষয়টি স্পষ্ট করতে বুধবার এই জরুরি বিশেষ সভা আহ্বান করা হয়।
সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়—
- প্রথমত: গত ৯ নভেম্বরের সভায় গৃহীত ভর্তি সংক্রান্ত সিদ্ধান্তটি বাতিল করা হলো।
- দ্বিতীয়ত: বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি-বিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে।
- তৃতীয়ত: বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ও একাডেমিক বিষয়ে প্রচলিত আইনগত কাঠামোর মধ্যে থেকে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার বিষয়টি সভায় পুনর্ব্যক্ত করা হয়।
এ ছাড়া সভায় বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের সার্বিক স্বার্থ সর্বোচ্চ বিবেচনায় রেখে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
