প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেবে সরকার
ছবি সংগৃহীত
দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেবে সরকার। বিদ্যালয়গুলোকে শিশুদের জন্য আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। এ লক্ষ্যেই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও পারস্পরিক মিথস্ক্রিয়া গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রম শিশুদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বাড়াতে ভূমিকা রাখে।
অভিভাবকদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, সন্তানদের খেলাধুলার পর্যাপ্ত সুযোগ দিতে হবে। তবে খেলার পরিবেশ অবশ্যই নিরাপদ ও পরিচ্ছন্ন হতে হবে। শিশুদের আশপাশের অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কেও সচেতন করতে হবে।
প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রস্তাবিত নীতিমালায় কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় নতুনভাবে বিশ্লেষণ ও পর্যালোচনা করা হচ্ছে।
গাজীপুর পিটিআই সুপারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এ ছাড়া গাজীপুর জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা সভায় উপস্থিত ছিলেন।
