২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার
সংগৃহীত ছবি
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে। গত ২২ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এবার মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় ২৯ হাজার ১৩ জন কম।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফল অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২৫ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৪ জনে।
ফল বিশ্লেষণে দেখা যায়, ২০০৪ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর গত ২২ বছরে পাসের হার কখনোই এবারের মতো এত নিচে নামেনি। ফলে চলতি বছরের ফলাফল গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ ফল হিসেবে বিবেচিত হচ্ছে।
উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার পথে যাত্রা শুরু করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য এবারের ফলাফল বড় ধরনের ধাক্কা হয়ে এসেছে। বিশেষ করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় উচ্চশিক্ষায় ভর্তির প্রতিযোগিতায় এর প্রভাব পড়তে পারে।
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা এবারের ফল জানতে পারছেন।
