শূন্যকে ৮৫, ১৩-কে ৮৩ বানিয়ে জিপিএ-৫, চাঞ্চল্যকর তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের ঘটনা তুলে ধরেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, উত্তরপত্র মূল্যায়নে শূন্য নম্বরকে ৮৫ এবং ১৩ নম্বরকে ৮৩ নম্বরে উন্নীত করার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ঘটনাটি তদন্তে মামলা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থীর খাতা পুনর্নিরীক্ষণের পর সে ফেল করেছে। ওই শিক্ষার্থীর এক বন্ধু তার অজান্তে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল। পরে খাতা মূল্যায়নে এমন অসঙ্গতি ধরা পড়ে।
শিক্ষামন্ত্রী আরও জানান, এবার ১৯ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে, যাদের মধ্যে ১২ লাখ পাস করেছে। ফল নিয়ে প্রশ্ন থাকলে খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ দেওয়ার পর বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। তিনি বলেন, ‘আমি এবার আইনত বললাম, যাদের যাদের প্রশ্ন আছে, তারা খাতা রি-এক্সামিন করতে পারে। ওরে আল্লাহ, রে আল্লাহ! ১২ লাখ পাস করেছে, ১৩ লাখ খাতা দেখার জন্য দরখাস্ত পড়েছে! বাকি ৬ লাখ করেনি। তা না হলে ১৯ লাখ আবার দেখতে হতো!’
খাতা পুনর্নিরীক্ষণের ফল তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এই যে আমি ১২ লাখ খাতা চেক করলাম, তার মধ্যে ৪৫ হাজারের জিপিএ চেঞ্জ হইলো, ৪৫ হাজার; নট ৪ হাজার ৫০০। এছাড়া ৫ হাজার ফেল করা শিক্ষার্থী পাস করলো, ৩ হাজার ৭৯ জন জিপিএ এ-প্লাস পেল। কারণটা কী?’
খাতা মূল্যায়নে পরীক্ষকদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী বলেন, কোনো কোনো পরীক্ষক নিজেরা খাতা না দেখে অন্যদের দিয়ে দেখিয়েছেন। এ ধরনের অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এক্সামিনাররা কারা কারা এই দুষ্টুমি করেছে, তাদের আমি আইনের আওতায় আনবো। এখন এক্সামিনার চেঞ্জ করবো, ট্রেনিং করাবো, সবকিছু ঠিক করলাম।’
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর খাতা পুনর্নিরীক্ষণের ঘটনা তুলে ধরে মন্ত্রী বলেন, এক শিক্ষার্থীর ধারণা ছিল, তার বন্ধু জিপিএ-৫ পাওয়ার যোগ্য নয়। তাই বন্ধুর অজান্তে তার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে সে। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণের আবেদনে ভেরিফিকেশন কোডের প্রয়োজন না থাকায় বন্ধুর পরিচয়ে আবেদনটি করা সম্ভব হয়।
এহছানুল হক মিলন বলেন, ‘এখন রি-এক্সামিন হয়ে গেছে বন্ধুর খাতা। বন্ধুর জিপিএ... এখন দেখা গেল বন্ধু ফেল করেছে! স্যার, চিন্তা করতে পারেন? জিরোকে বানিয়েছে ৮৫, ১৩-কে বানিয়েছে ৮৩, জিপিএ-৫ মানে এ-প্লাস। তার মানে কী? ডাল মে কুছ কালা হ্যায়।’
ঘটনাটি তদন্তের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা কে করেছেন? এটা বের করা কত কঠিন! আজ মামলা করে দিলাম। এটা বের করতে হবে আমাকে।’
বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নুরুল করিম ভূঁইয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৯ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। শিক্ষামন্ত্রী তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।
