এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, যেভাবে জানবেন
সংগৃহীত ছবি
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ঘরে বসেই ফল জানতে পারবেন। ফল সংগ্রহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা শিক্ষা বোর্ডে সরাসরি যাওয়ার প্রয়োজন হবে না।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ফল প্রকাশের এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা বোর্ডের নির্ধারিত অনলাইন ব্যবস্থায় পরীক্ষার রোল ও নিবন্ধন নম্বর ব্যবহার করে ফল দেখা যাবে। একই সঙ্গে অনলাইন থেকে নম্বরপত্রও সংগ্রহ করা যাবে। অন্যদিকে, মোবাইল ফোন থেকে নির্দিষ্ট নিয়মে খুদে বার্তা পাঠিয়েও ফল জানার সুযোগ থাকছে।
অনলাইনে যেভাবে পাওয়া যাবে ফল
শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট (educationboardresults.gov.bd) থেকে ফল জানা যাবে। ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম ‘HSC/Alim/Equivalent’ নির্বাচন করতে হবে।
পরীক্ষার বছর (২০২৬), নিজ বোর্ডের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে ইনপুট দিয়ে সাবমিট করলেই কাঙ্ক্ষিত ফল দেখা যাবে। ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোডের সুবিধাও থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এক ক্লিকেই পুরো প্রতিষ্ঠানের ফল সংগ্রহ ও ডাউনলোড করতে পারবে।
এসএমএসের মাধ্যমে ফল জানার উপায়
যেকোনো মোবাইল অপারেটর থেকে খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে।
এ ক্ষেত্রে মেসেজে লিখতে হবে- HSC স্পেস বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর স্পেস রোল নম্বর স্পেস 2026। ঢাকা বোর্ডের শিক্ষার্থী হলে এবং তার রোল ১২৩৪৫৬ হলে লিখতে হব HSC DHA 123456 2026। বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জিপিএসহ ফল জানিয়ে দেওয়া হবে।
এ বছর দেশের সব কটি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছিল এবং ৮ আগস্ট শেষ হয়।
