কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার ঝরল ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী
ফাইল ছবি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আগামী (২৬ জুন) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশে শুরু হবে এইচএসসি পরীক্ষা। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ও ব্রাহ্মণবাড়িয়া-এই ৬ জেলায় এ বছর মোট ১ লাখ ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এক লাখ ২৭ হাজার ১৯০ জন রেজিস্ট্রেশন করলেও চলতি বছরের পরীক্ষায় ফরম পূরণ করেনি ২৫৪৪০ জন। ফলে ৪০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকছেন-যা শিক্ষাখাতে এক গভীর সংকেত হিসেবে দেখা হচ্ছে।
জানা যায়, এবার ৪৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯২টি পরীক্ষাকেন্দ্রে ৪২ হাজার ৭৪১ জন ছাত্র ও ৫৯ হাজার ০৯ জন ছাত্রী অংশ নেয় । এর মধ্যে মানবিক শাখায় ৪৭ হাজার ৯৫৮ শিক্ষার্থী, ব্যবসায় শিক্ষা শাখায় ২৭ হাজার ৫৫৪ জন ও বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ২৩৮ জন অংশ নিয়েছে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা জানান, নকল রোধে এসএসসির অভিজ্ঞতা মাথায় রেখে এইচএসসির কেন্দ্রগুলোতে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সেই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বোর্ড অন্যান্য বছরের চেয়ে এবার আরও সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি জেলায় বোর্ডের বিশেষ টিম কাজ করছে। প্রশ্নপত্রগুলো স্থানীয় প্রশাসনের জিম্মায় দেওয়া হবে। কেন্দ্রে যেন কোনো নাশকতা না হয় প্রশাসন, পুলিশসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। নকল প্রতিরোধসহ পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন কাজ করবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, বিদেশে চাকুরি, বিয়ে-সাদিসহ বিভিন্ন সমস্যার কারণে এ বছর ২৫৪৪০ জন এইচএসসি পরীক্ষার্থী ফরম পূরণ করেনি।
পরীক্ষার রুটিন অনুযায়ী আগামী ২৬ জুন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হবে।
