রাবিতে 'কনজুমার ইয়ুথ বাংলাদেশ'র অভিযান পরিচালনা
ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্রব্যমূল্য পর্যবেক্ষণ ও তদারকি করতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকারের সহযোগী ছাত্র সংগঠন 'কনজুমার ইয়ুথ বাংলাদেশ'। শনিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে সকাল সাড়ে ১০ টা থেকে প্রশাসনের সহায়তায় অভিযান কার্যক্রম শুরু হয়।
এদিন সংগঠনের সদস্যরা দুইটি দলে ভাগ হয়ে সম্পূর্ণ ক্যাম্পাস পর্যবেক্ষণ ও তদারকি করেন। একটি দলের প্রতিনিধিত্ব করেন সিওয়াইবি রাবি শাখার বর্তমান সভাপতি মুরাদ হোসেন এবং আরেকটি দলের প্রতিনিধিত্ব করেন সিওয়াইবি রাবি শাখার বর্তমান সাধারণ সম্পাদক তাহমিদ ফুয়াদ মুন। এছাড়াও অন্যান্য কার্যনির্বাহী সদস্যসহ ২০ জন সংগঠন কর্তৃক অনুমোদিত স্বেচ্ছাসেবীদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
সিওয়াইবি রাবি মনিটরিং টিম প্রাথমিকভাবে সকলকে নিয়মকানুন সম্পর্কে অবগত করার পাশাপাশি জরুরি নির্দেশনা প্রদান করে। একইসাথে ভোক্তাদের মধ্যেও সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।
সিওয়াইবি রাবি শাখার সাধারণ সম্পাদক তাহমিদ ফুয়াদ মুন জানান, 'আজকের প্রথম দিনের অভিযানে বেশকিছু অসংগতি পরিলক্ষিত হয়। সেগুলোর মধ্যে অন্যতম হলো মূল্যতালিকা না থাকা বা থাকলেও তা প্রদর্শন না করা; বাতিলকৃত মূল্যতালিকা দিয়ে খাবার বিক্রি করা; বেশি দামে খাবার সিঙ্গারা, আখের রস,ডাব বিক্রি করা; অবৈধ দোকান স্থাপন ও অস্বাস্থ্যকর খাবার সরবরাহ; মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করা। আশা করা যায় আগামীতে এই অসংগতিগুলো ব্যবসায়ীরা কাটিয়ে উঠবে নতুবা আমরা প্রশাসনিকভাবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবো।'
দ্য নিউজ/ এমআরএন
