পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিক পদত্যাগ করেছেন ড. নিয়াজ আহমদ খান। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে মন্ত্রীর দপ্তরে গিয়ে তিনি (ড. নিয়াজ আহমদ) পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। তবে এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গ্রহণ করা হলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে নির্বাচনের পূর্বে ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন ড. নিয়াজ আহমদ খান। সে সময় সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।’ তবে তিনি এখনই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না।
একই সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন রাজনৈতিক সরকার চাইলে তাদের পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজানোর সুযোগ থাকা উচিত। প্রয়োজনে তিনি সহযোগিতা করতে প্রস্তুত এবং দ্রুত ডেপুটেশন শেষ করে নিজ বিভাগের শিক্ষকতায় ফিরে যেতে চান বলেও জানান।
