মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫১ শিক্ষার্থী
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের রেকর্ড
এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকার ডেমরা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ৫১ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এবার ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া শীর্ষদের মধ্যে এই কলেজের শিক্ষার্থী সানজিদা সুলতানা মাহী ১১ তম স্থান অধিকার করেছেন।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজটি থেকে ২০২৩ সালেও ৩৫ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। একই সঙ্গে বুয়েট ও প্রকৌশলের গুচ্ছ শাখাতেও শিক্ষার্থীদের সাফল্য ছিল। এ ছাড়া কলেজের শিক্ষার্থীরা ঢাবিসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পেয়েছেন।
এদিকে, যাত্রাবাড়ীতে ড. মাহবুবর রহমান মোল্লা কলেজ থেকেও এবার ৩০ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘আমাদের দু'টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুবই মেধাবী ও স্বাপ্নিক। দু'টো কলেজ থেকেই সন্তোষজনক শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফলাফল করছে শিক্ষার্থীরা।" তিনি এসব অদম্য মেধাবীদের প্রাণঢালা অভিনন্দন জানান।
অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা আরও বলেন, মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও বুয়েটে ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।
