সংকীর্ণ সিঁড়ি, বায়ু চলাচলের ব্যবস্থা নেই: চকবাজারে আগুন নেভাতে ৭ ঘণ্টার বেশি সময়
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা ভবনের চতুর্থ তলায় একটি প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নেভাতে সাত ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করতে হয়েছে ফায়ার সার্ভিসকে। ভবনটির একটি মাত্র সংকীর্ণ সিঁড়ি, গোডাউনে গাদাগাদি করে বিপুল পরিমাণ মালামাল রাখা এবং বায়ু চলাচলের কোনো ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১-এর জোন কমান্ডার মোহাম্মদ এনামুল হক।
তিনি বলেন, সাততলা ভবনটির চতুর্থ তলায় অবস্থিত প্লাস্টিকের গোডাউনটিতে প্রচুর মালামাল গাদাগাদি করে রাখা ছিল। ভবনে একটি মাত্র সিঁড়ি, সেটিও অত্যন্ত সংকীর্ণ। এ ছাড়া ভেতরে বায়ু চলাচলের কোনো ব্যবস্থা না থাকায় প্রচণ্ড ধোঁয়া ও তাপ জমে যায়। ফলে আগুন নেভানোর কাজে প্রতিবন্ধকতা তৈরি হয়।
পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট আনা হয়। সব মিলিয়ে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশপাশের ভবন ও এলাকায় ছড়িয়ে পড়তে পারেনি বলেও জানান তিনি।
অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ এনামুল হক বলেন, এখন পর্যন্ত আগুন লাগার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তদন্তের পর আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ভবনের অগ্নিনিরাপত্তা ও অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, কয়েক দিন আগেই জনসচেতনতা বাড়াতে ওই এলাকায় মহড়া চালানো হয়েছিল।
এ সময় স্থানীয়দের ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচারের পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং নিরাপদভাবে মালামাল মজুত রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। কিন্তু ভবনটিতে একটি মাত্র সংকীর্ণ সিঁড়ি এবং গাদাগাদি করে মালামাল রাখার মতো বড় ধরনের অব্যবস্থাপনা ছিল। এসব কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে চকবাজারের ছোট কাটারা এলাকায় শামসুল হক টাওয়ারের বিপরীতে সাততলা ভবনের চতুর্থ তলার একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
