মোহাম্মদপুরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর একটি ‘আইফোন ১৭ প্রো ম্যাক্স’ ছিনতাই হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বেড়িবাঁধ সংলগ্ন ইউল্যাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাব্বি আল রাফসান ওই বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী এবং ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত। এ ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার একটি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজনের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ কর্মকর্তারা বেশ চাপে রয়েছেন। বিষয়টি নিয়ে ববি হাজ্জাজের পক্ষ থেকেও থানায় যোগাযোগ করা হয়েছে। এর পরপরই ওই এলাকায় ছিনতাইবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ।
ঘটনার বিবরণ দিয়ে মামলার বাদী রাব্বি আল রাফসান বলেন, শুক্রবার বিকেলে মাস্টার্সের ক্লাসে যোগ দিতে তিনি মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে একটি অটোরিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলেন। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে অপর একটি অটোরিকশা এসে তার রিকশাটির গতিরোধ করে। এ সময় ওই রিকশায় থাকা চার ছিনতাইকারী চাপাতি ঠেকিয়ে তার কাঁধের ব্যাগ ও পকেটে থাকা আইফোনটি ছিনিয়ে নেয়।
রাফসান আরও জানান, ছিনতাইকারীদের বাধা দিতে গেলে তারা চাপাতির উল্টো পাশ দিয়ে তাকে কয়েকটি আঘাত করে। এতে তার ডান হাত জখম হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন। বিষয়টি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে জানানো হয়েছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
