বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার, আটক ৩
ছবি সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে শরীরের সঙ্গে লুকিয়ে আনা ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)। তাদের মধ্যে সৌরভের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়, জুয়েলের নোয়াখালীর সুধারাম উপজেলায় এবং শাওনের কুমিল্লার বরুড়া উপজেলায়।
এয়ারপোর্ট এপিবিএন জানায়, অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করেন। এ সময় এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন। পরে এপিবিএন কার্যালয়ে নিয়ে প্রথমে আটক ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করা হয়। তার কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়।
পরবর্তী সময়ে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণ করে বস্তুগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত করা হয়। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। এর মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি। স্বর্ণগুলো শরীরের সঙ্গে অভিনব কৌশলে লুকিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে জাকিরুল ইসলাম জুয়েল ও শাওনসহ দেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে অপরাধের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে এপিবিএন।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন, একটি চক্র পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
