রাজধানীতে চার এলাকায় হাতবোমা বিস্ফোরণ, বাসে আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীতে এক রাতেই চার এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সোয়া ৮টা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে। তবে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন আসাদগেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি। কাউকে আটকও করা যায়নি।
এর প্রায় দেড় ঘণ্টা পর রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেক ৯ নম্বর সড়কে ওয়ালটন প্লাজার সামনে আরেকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য জানান।
একই রাতে রাত ১১টার কিছু আগে মহাখালী বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, এ ঘটনায়ও কেউ আহত হয়নি।
এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে কে বা কারা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এদিকে, রাত সোয়া ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
একই রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
