ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে লাভলী পরিবহনের বাসটিতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। বাসটি থেকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশে।
তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, কীভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
