স্ত্রী-মেয়ে-শালী-ভাগ্নিকে দিয়ে পর্নো ভিডিও, গিয়াস উদ্দিন আটক
স্ত্রী, মেয়ে, শালী ও ভাগ্নিসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে আন্তর্জাতিক বিভিন্ন পর্নো সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর) নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় ইসলাম সিএনজির পাশে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন গিয়াস উদ্দিন। অভিযোগ রয়েছে, ওই বাসায় তিনি নিজের স্ত্রী, মেয়ে, শালী ও ভাগ্নির নগ্ন ভিডিও ধারণ করতেন। পরে এসব ভিডিও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন। এ ছাড়া তার ব্যাংক হিসাবেও সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পান গোয়েন্দারা।
গোয়েন্দা নজরদারি এড়াতে সম্প্রতি পরিবার নিয়ে মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় বাসা পরিবর্তনের পরিকল্পনা করেন তিনি। পরে পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটন নামে এক ব্যক্তির নবনির্মিত ভবনে বাসা ভাড়া নেন। গোপন সূত্রে বাসা পরিবর্তনের খবর পেয়ে এনএসআইয়ের একটি দল তাদের মালামাল বহনকারী গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। পরে পলাশ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বাসা থেকে পর্নোগ্রাফি-সংক্রান্ত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
