রাজধানীতে পৃথক অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
শুক্রবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. অনিক হাসান রিফাত (২১) ও মো. জামিরুল ইসলাম ওরফে জুয়েল (২৪)।
আকতার হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনালের সামনে বিশেষ অভিযান চালিয়ে অনিক হাসান রিফাতকে গ্রেপ্তার করে এসআরইউ-এর ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।
অন্যদিকে, একই রাতে আনুমানিক ১টা ২৫ মিনিট শাহবাগ থানার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে জামিরুল ইসলাম ওরফে জুয়েলকে গ্রেপ্তার করে এসআরইউ-এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা ও ছিনতাই প্রতিরোধে ডিএমপির বিভিন্ন ইউনিটের নিয়মিত অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
