তিন দিনের জন্য এজেন্ট সিম ভাড়া ১০ হাজার টাকা, জুয়ার লেনদেন ২ কোটি ২৬ লাখ!
অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে ব্যবহৃত মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে মো. লিটন হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে তিন দিনের জন্য নিজের নামে নিবন্ধিত বিকাশ/নগদ এজেন্ট সিম ভাড়া দিয়েছিলেন তিনি। ওই সিমের অ্যাকাউন্ট ব্যবহার করে মাত্র তিন দিনে অনলাইন জুয়ার সাইটে লেনদেন হয়েছে ২ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৮০১ টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে লেনদেন ও বিদেশে পাচারের অভিযোগে পল্টন মডেল থানায় গত ৩১ আগস্ট একটি মামলা হয়। জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলাটি তদন্ত করতে গিয়ে লিটন হাওলাদারের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া শেখ সাখির আহম্মেদ (৩৩) গত ৪ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার পর অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৪ জন দোকানদারের নাম প্রকাশ করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার বৈকালী এলাকার ‘লিটন টি স্টল’-এর এজেন্ট লিটন হাওলাদারকে শনাক্ত করে সিআইডি।
পরে জিজ্ঞাসাবাদের জন্য গত ৪ নভেম্বর তাঁকে সিআইডির প্রধান কার্যালয়ে তলব করা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে লিটন জানান, নিজের নামে নিবন্ধিত বিকাশ/নগদ এজেন্ট সিমটি খুলনার বয়রা এলাকার অটোচালক হানিফের কাছে ১০ হাজার টাকার বিনিময়ে তিন দিনের জন্য ভাড়া দিয়েছিলেন।
সিমটির লেনদেন পর্যালোচনা করে তদন্তকারীরা দেখতে পান, গত ৭ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত মাত্র তিন দিনে ওই অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন জুয়ার সাইটে ২ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৮০১ টাকা লেনদেন হয়েছে।
সাখির আহম্মেদের দেওয়া তথ্যের সঙ্গে লিটনের বক্তব্য ও লেনদেনের তথ্যের মিল পাওয়ায় তাঁকে সিআইডির প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি বিকাশ/নগদ এজেন্ট সিম জব্দ করা হয়েছে।
সিআইডি আরও জানায়, জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে নিজের নামে নিবন্ধিত এজেন্ট সিম অনলাইন জুয়ার কাজে ভাড়া দেওয়ার কথা স্বীকার করেছেন লিটন। মামলার ঘটনায় তাঁর জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
অনলাইন জুয়ার অর্থ লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিমের মাধ্যমে আরও কারা জড়িত এবং এই অর্থ পাচারের সঙ্গে কোন কোন ব্যক্তি বা চক্রের সম্পৃক্ততা রয়েছে, তা শনাক্তে তদন্ত চলছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।
