কড়াইল বস্তিতে মাদক কারবারির ভাড়া বাসায় ইয়াবা-হেরোইন
রাজধানীর কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের লক্ষ্য মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত রাকিব হোসেন পালিয়ে গেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা মহানগরীর বনানী থানাধীন কড়াইল বস্তির জামাই বাজারের মাটির রাস্তা এলাকায় রাকিব হোসেনের ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুরিয়া হেরোইন এবং নগদ ৪৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের ওজন ১০ গ্রাম।
অভিযানে গ্রেপ্তার দুজন হলেন মোঃ সজিব হোসেন (৩২) ও মোঃ তানভীর (৩০)। আর ওই বাসার ভাড়াটিয়া রাকিব হোসেন (২৫) পালিয়ে গেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের উপপরিচালক মোঃ রাজিউর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় অভিযানটি চালানো হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, পলাতক রাকিব হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। তিনি কড়াইল বস্তি এলাকার বিভিন্ন মাদক বিক্রির স্থান নিয়ন্ত্রণ করে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বনানী থানায় মামলা করা হয়েছে। অধিদপ্তরের পরিদর্শক মোঃ এমদাদুল হক খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
