রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৯
সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিস্ফোরিত ককটেলের অংশ, পেট্রোল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪৬ জন, ওয়ারীতে ৬৬ জন, মতিঝিলে ৫১ জন, তেজগাঁওয়ে ৭৫ জন, মিরপুরে ১৫২ জন, গুলশানে ৬৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে পুলিশ দুটি বিস্ফোরিত ককটেলের অংশ, দুই লিটার পেট্রোল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮টি ইয়াবা ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ছাড়া আটটি মোবাইল ফোন, নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
