পদ্মা সেতু উত্তর থেকে ১৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকার কুমারভোগে অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ হালান মোল্লা (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
রোববার (২৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার হালান মোল্লা মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার দক্ষিণ মেদিনী মণ্ডল এলাকার বাসিন্দা।
এসআরবি-১০-এর দাবি, হালান মোল্লা একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এসআরবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে সংস্থাটি বলেছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
