বরিশালে যুবককে কুপিয়ে হত্যা
বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় মাইক্রোবাস নিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এসময় জীবন রক্ষার্থে কাওসার ও রাশেদ আমিন ব্রিজের নিচে পানিতে লাফিয়ে পড়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে ঘরের দরজা ভেঙ্গে সন্ত্রাসীরা প্রবেশ করে কাওসারকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে কাওসারকে হত্যা করা হয়েছে। নিহত কাওসার হাওলাদার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওরাদারের ছেলে। পেশায় তিনি একজন ভাড়ার মোটরসাইকেল চালক।
এ হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।
