মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, ধারণা সিএনজি থেকে
সংগৃহীত ছবি
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে বিশাল সেন্টার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ।
তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশের প্রাথমিক ধারণা, সিএনজিচালিত অটোরিকশায় এসে এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়ে থাকতে পারেন। তবে কে বা কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন সূত্র ধরে তদন্ত চলছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে হাতিরঝিল থানার মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মার্কেটের সামনের ফুটপাতের পার্কিংয়ে আসিফ আকবরের ঢাকা মেট্রো-গ-১৯-২৭৭৭ নম্বরের ব্যক্তিগত গাড়িটি রাখা ছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় আসা এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আসিফ আকবর ও তাঁর এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। জব্দতালিকা তৈরি করে সেটি জব্দ করে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টার মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে ছিলেন। তবে গুলি তাঁকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কি না, কিংবা এ ঘটনার সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা এখনো জানা যায়নি।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। আসিফ আকবর নিজেও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। বিভিন্ন সূত্র ধরে তদন্ত চলছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মো. আবুল বাশার তালুকদার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে। গুলি ছোড়ার পেছনে কারা রয়েছে এবং এর উদ্দেশ্য কী, তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
