রূপনগরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ আটক ৪
রাজধানীর মিরপুরের রূপনগরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের চেষ্টা করা অটোরিকশাসহ চালককে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫ মিনিটে রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকার পেপসি মোড়ে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার এ তথ্য জানান।
তিনি জানান, সংঘবদ্ধ চক্রের দুই নারী সদস্য শাহ আলী মাজার এলাকা থেকে একটি অটোরিকশা ভাড়া করেন। তাদের উদ্দেশ্য ছিল অটোরিকশাটি ছিনতাই করা। পরে বেড়িবাঁধ এলাকার পেপসি মোড়ের কাছে পৌঁছালে চক্রের অন্য সদস্যদের সহায়তায় অটোরিকশাচালকের ওপর হামলা চালিয়ে সেটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়।
এ সময় চালকের চিৎকার শুনে ঘটনাস্থলে থাকা রূপনগর থানা-পুলিশের একটি টহল দল দ্রুত সেখানে পৌঁছায়। পরে পুলিশ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করে এবং অটোরিকশাসহ চালককে উদ্ধার করে। এ ঘটনায় রূপনগর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
