নিজ ফ্ল্যাট থেকে আ. লীগ নেত্রীর মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ডালিয়া আক্তার রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে। তিনি বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন।
মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, স্বামী ডিভোর্স দেওয়ার পর থেকে দুই মেয়ে নিয়ে ওই ফ্লাটে থাকতেন তিনি। মেয়েদের বিয়ের পর বর্তমানে একাই থাকেন।
দক্ষিন কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, খালি বাসায় কে বা কারা হত্যা করেছে সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সিআইডির ক্রাইম সিন সদস্যরা ঘটনাস্থলে আসছে।
তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে
