কুমিল্লায় অস্ত্র তৈরির কারিগর আটক: অবৈধ বন্দুক-গুলি উদ্ধার
কুমিল্লার লালমাই থানা এলাকা থেকে ১টি দোনলা বন্দুক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আবু মোহাম্মদ তৌকির নেওয়াজ (২০) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১), সিপিসি-২।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জেলার লালমাই থানাধীন বেলঘর ইউনিয়নের ইছাপুরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তৌকির নেওয়াজ ইছাপুরা গ্রামের মৃত আবু মোহাম্মদ শাহ নেওয়াজের ছেলে।
এসআরবি-১১ সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশীয় অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি এসআরবি-১১ এর দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে ঘটনার ছায়াতদন্ত শুরু করে আভিযানিক দল। তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সিপিসি-২, কুমিল্লার একটি বিশেষ দল লালমাইয়ের ইছাপুরা এলাকায় অভিযান চালিয়ে তৌকির নেওয়াজকে আটক করতে সক্ষম হয়।
অভিযানকালে আসামির কাছ থেকে ১টি দোনলা বন্দুক, ১টি এয়ারগান, ১টি গ্যাসগান সদৃশ বস্তু, ১০০ রাউন্ড ধাতব গুলি, ৬টি চাপাতি, ২টি রামদা, ৩টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ১টি ড্রিল মেশিন এবং ১টি গ্রিন্ডার মেশিন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত তৌকির নেওয়াজ দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
এসআরবি-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক সাদমান ইবনে আলম জানান, এসআরবি হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
