বিমানবন্দরে যাত্রীবেশে তিন লাগেজ চুরি, কচুয়া থেকে আসামি গ্রেপ্তার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে তিন যাত্রীর তিনটি লাগেজ চুরির ঘটনায় জসিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। চাঁদপুরের কচুয়া থেকে তাকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া তিনটি লাগেজের মালামালও উদ্ধার করা হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।
এপিবিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১২ অক্টোবর ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা তিন যাত্রী মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো. রাকিবের লাগেজ চুরির অভিযোগ ওঠে। এয়ারলাইনসের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি এয়ারপোর্ট এপিবিএনের নজরে আসে।
পরে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ফ্লাইটের যাত্রী জসিমকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে শনাক্ত করা হয়। এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে ২০ অক্টোবর বিমানবন্দর থানায় জসিমের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, চুরি হওয়া তিনটি লাগেজে আনুমানিক ৭৫ হাজার টাকার মালামাল ছিল। পরে এয়ারপোর্ট এপিবিএন বিমানবন্দর থানা ও চাঁদপুরের কচুয়া থানার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে অভিযান চালায়। অভিযানে কচুয়া থেকে জসিমকে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় চুরিসহ অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সব সময় তৎপর রয়েছে। বিমানবন্দরকে ব্যবহার করে সংঘটিত অপরাধ, জনহয়রানি, চুরি ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
