পুলিশ কর্মকর্তার ভাড়া বাসায় ডিজে পার্টি, আটক ৮৪
রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাসায় অভিযান চালিয়ে নারীসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে পুলিশ হাউজিং-১-এর ওই বাসায় অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও রয়েছেন।
ডিবির ভাষ্য, বাসাটিতে রাতভর ডিজে পার্টির আড়ালে মাদকসেবন ও মাদকের কারবার চলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বাসাটি অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছিল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন ও ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল। অভিযান চালিয়ে ২৬ নারী ও ৫৮ পুরুষকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিবি সূত্রে জানা গেছে, অভিযানে গাঁজা, ইয়াবা, মদ, কনডম ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির বলেন, এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি ভাড়া দেওয়া হলেও এটি পরিচালনায় একজন হোস্ট ও একজন কো-হোস্ট যুক্ত ছিলেন। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে। বাসাটি থেকে আয় হওয়া অর্থের ৭০ শতাংশ অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির নিতেন বলে জানান তিনি।
ডিবি পুলিশের একটি সূত্রের দাবি, কো-হোস্ট মাহবুবুল আলমকে ছেড়ে দেওয়ার জন্য অতিরিক্ত ডিআইজি তদবিরও করেছিলেন। সূত্রটি জানায়, আড়াই তলাবিশিষ্ট ওই থ্রিপ্লেক্স বাড়িতে প্রায় প্রতি রাতেই মদসহ ডিজে পার্টির আয়োজন করা হতো।
এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ডিবি।
