অনলাইন জুয়ার আড়ালে কোটি কোটি টাকা পাচার: সিআইডির জালে মূলহোতাসহ ৮ জন
দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃত অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করে প্রতিদিন কোটি কোটি টাকা বিদেশে পাচারকারী একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আশরাফ উদ্দীন আহম্মেদ (৩২), সজীব চক্রবর্তী (২৯), মো. আশরাফুল ইসলাম (৪০), মো. জসীম উদ্দীন (৩৬), তৈয়ব খান (২৬), সৌমিক সাহা (২৮), মো. কামরুজ্জামান (৩৬) ও আব্দুর রহমান (৪৭)। তারা কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।
সিআইডি জানায়, চক্রটি গত ৬ মাসেরও বেশি সময় ধরে সাধারণ মানুষকে নানা প্রলোভন দেখিয়ে প্রতিদিন আনুমানিক ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি টাকা অবৈধভাবে লেনদেন করছিল।
যেভাবে চলতো এই অবৈধ সাম্রাজ্য:
সিআইডির সাইবার মনিটরিং সেলের নিয়মিত অনলাইন নজরদারির মাধ্যমে এই চক্রের সন্ধান মেলে। জুয়াড়িরা বিকাশ, রকেট, নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবা, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে লেনদেন করতো। পরবর্তীতে অবৈধভাবে অর্জিত এই বিপুল অর্থ ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হতো। এই ঘটনায় পল্টন মডেল থানায় 'সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫' এর অধীনে একটি মামলা করা হয়।
দুই দফার সফল অভিযান ও জব্দকৃত আলামত:
ডিজিটাল তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে সিআইডি দুই দফায় অভিযান পরিচালনা করে। প্রথম অভিযান (৬ মো: ময়মনসিংহ ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের প্রথম ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
দ্বিতীয় অভিযান (১৬ মে): প্রথম দফার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর পলাশ এবং ঢাকার ধানমন্ডি থেকে বাকি ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত আলামত:
অভিযানকালে তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড (যার মধ্যে ২টি এজাহারভুক্ত বিকাশ এজেন্ট সিম ও ১৮টি বিভিন্ন অপারেটরের সিম) এবং দেশের বিভিন্ন প্রান্তে ভুয়া এজেন্ট সিম পাঠানোর কাজে ব্যবহৃত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একাধিক রসিদ জব্দ করা হয়।
অনলাইন জুয়া প্রতিরোধে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেবল চলতি মে মাসের ১ তারিখ থেকে রোববার (১৭ মে) পর্যন্ত সিআইডির সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে, ১১৬টি জুয়ার ওয়েবসাইট শনাক্ত করে ডাউন করার জন্য বিটিআরসিতে পাঠানো হয়েছে।
৮৭৯টি অবৈধ এমএফএস (বিকাশ/নগদ/রকেট) হিসাব এবং ৪৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করার জন্য বিএফআইইউতে পাঠানো হয়েছে।
পাচার হওয়া অর্থ ফেরাতে তৎপর সিআইডি:
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, পাচারকৃত অর্থ উদ্ধার এবং এই আন্তর্জাতিক চক্রের ক্রিপ্টো ওয়ালেট শনাক্ত করতে সিআইডি, বিএফআইইউ ও আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
তিনি আরও মনে করিয়ে দেন যে, এর আগেও সিআইডি বহুল আলোচিত ‘এমটিএফই’ (MTFE) পনজি স্কিমে পাচার হওয়া প্রায় ৪৪ কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও তদন্ত অব্যাহত রয়েছে।
