৪০০ কোটি টাকা প্রতারণা: সিআইডির জালে ‘নাজরান’ চক্রের সদস্য গ্রেপ্তার
অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে শত শত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তার নাম মো. ওবায়েদুল্লাহ (৩৩)। তাকে রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবো এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিআইডি জানায়, 'নাজরান ফিশারীজ এন্ড এগ্রো প্রজেক্ট' নামে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্প খুলে সাধারণ মানুষকে উচ্চ লাভের প্রলোভন দেখানো হতো। চক্রটি দাবি করত, ১ লাখ টাকা বিনিয়োগ করলে মাসে ৩ হাজার টাকা লাভসহ ৩৩ মাসে মূলধন দ্বিগুণ করা হবে। এমন প্রলোভনে পড়ে বহু মানুষ তাদের সঞ্চয় বিনিয়োগ করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, প্রথমে আস্থা অর্জনের জন্য বিনিয়োগকারীদের কিছু অর্থ ফেরত দেওয়া হলেও পরে বড় অঙ্কের টাকা বিনিয়োগে উৎসাহিত করা হয়।
একপর্যায়ে বিনিয়োগকারীদের বাধ্যতামূলকভাবে প্লট কেনার কথা বলে আরও বিপুল অর্থ হাতিয়ে নেয় চক্রটি।
পরবর্তীতে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে সদস্যরা আত্মগোপনে চলে যায়।
তদন্তে উঠে এসেছে, এই চক্রের মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকার লেনদেন হয়েছে।
এছাড়া গ্রেপ্তারকৃত ওবায়েদুল্লাহর ব্যক্তিগত ১৪টি ব্যাংক হিসাবে প্রায় আড়াই কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগীদের দাবি, এই প্রতারণার শিকার হয়েছেন হাজার হাজার মানুষ।
মামলা দায়েরের পর অভিযুক্তরা গা ঢাকা দিলেও প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডি তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, তার বিরুদ্ধে ভাটারা, উত্তরা পশ্চিম ও সাভার এলাকায় একাধিক মামলা রয়েছে এবং বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।
বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডির ঢাকা মেট্রো উত্তর ইউনিট। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সাধারণ জনগণকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সিআইডি বলেছে, অচেনা ব্যক্তি বা প্রতিষ্ঠানে বিনিয়োগের আগে অবশ্যই যথাযথ যাচাই-বাছাই করা জরুরি।
