থানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরি
ছবি: সংগৃহীত
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১০ জানুয়ারি) ভোরে মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে যায়।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে শনিবার মধ্যরাত পর্যন্ত জড়িতদের গ্রেফতার এমনকি শনাক্তও করতে পারেনি পুলিশ।
জানা গেছে, মোটরসাইকেলটি ভাটারা থানার এএসআই মো. ফিরোজের। থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় ছিল। ওইদিন ভোরে এক ব্যক্তি থানার ভেতরে ঢুকে মোটরসাইকেলের তালা ভাঙেন। আরেকজন থানার বাইরে পাহারা দেন। পরে তারা মোটরসাইকেরটি ঠেলে নিয়ে যান।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ইয়ামাহা কোম্পানির ‘এফজেডএস ভার্সন-২’ মডেলের কালো রঙের মোটরসাইকেলটি ভাটারা থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় ছিল।
এদিকে এএসআই ফিরোজ গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাতে তিনি মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে দায়িত্ব পালন করছিলেন। সকালে থানায় ফিরে দেখেন, যেখানে মোটরসাইকেলটি রেখেছিলেন, সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে তিনি জানতে পারেন, মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছেন। মোটরসাইকেলের সঙ্গে রাখা তার হেলমেটটিও তারা নিয়ে যান।
তিনি বলেন, মোটরসাইকেলে একটি জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ট্র্যাকার লাগানো ছিল। চোরেরা মোটরসাইকেলটি থানার বাইরের একটি গলিতে নিয়ে গিয়ে সেই জিপিএস ট্র্যাকার খুলে ফেলে। ফলে তিনি এখন মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করতে পারছেন না।
