পল্লবীতে 'কাজের বুয়া' সেজে চুরি, স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার দুই
সংগৃহীত
রাজধানীর পল্লবী থানা এলাকায় একটি বাসায় 'কাজের বুয়া' সেজে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।তারা হলেন, মোসা. শিউলী বেগম ওরফে লাকী (৪৬) ও মো. নাদিম হোসেন (৩১)।
ডিএমপি জানায়, শনিবার (৩ জানুয়ারি) দুপুর আনুমানিক দেড়টায় কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গৃহকর্তা সাবিহা মাহবুবা গত বছরের ৬ অক্টোবর বিকেল ৫টার দিকে অভিযুক্ত শিউলীর সঙ্গে কথা বলে তাকে তার বাসায় কাজের জন্য নিয়োগ করে। পরবর্তীতে ৮ অক্টোবর সকাল ৭টায় আবার কাজে যোগ দেয়। সকাল ৯টায় সাবিহা কর্মস্থলে যাওয়ার পর বাসায় তার স্বামী, ছেলে এবং মা ছিলেন। রাত ৮টায় সাবিহা বাসায় ফিরে দেখেন তার মা অচেতন অবস্থায় শুয়ে আছেন এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা। ড্রয়ার থেকে ৯ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১৮ লাখ টাকা) এবং নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে। সাবিহার মা জানান, শিউলী তাকে পেঁপে ভাজি খাইয়েছে, তারপর তিনি অজ্ঞান হয়ে যান।
পরবর্তীতে ৩ জানুয়ারি ২০২৬ বাদী সাবিহার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় চুরির মামলা হয়।
মামলা রুজুর পর পল্লবী থানা পুলিশ কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে (৩ জানুয়ারি) দুপুর শিউলীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে শিউলী ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার দেখানো মতে আদাবর থানাধীন কাঁচা বাজারের প্রভা জুয়েলার্স থেকে ৮ ভরি ১ আনা ২.৫ রতি স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় দোকানের কারিগর মো. নাদিম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানা পুলিশ জানায়, শিউলী ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় একই কৌশলে অসংখ্য চুরির ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
