বাসে অগ্নিসংযোগকালে জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে এক যুবকের মৃত্যু
ছবি : সংগৃহীত
রাজধানীতে বাসে অগ্নিসংযোগকালে জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে প্রাণ গেছে এক 'দুষ্কৃতকারীর' বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এই ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহআলী থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০ টার দিকে শাহআলী থানাধীন উত্তর নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগ করে তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলো।
বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসলে তারা দুষ্কৃতকারীদের ধাওয়া করে একজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের একজন প্রাণভয়ে নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
সাঁতার না জানায় নদীতে ঝাঁপ দেওয়া দুষ্কৃতকারী পানিতে ডুবে যায়। পরবর্তীতে উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় লোকজন ধৃত দুষ্কৃতকারীকে পুলিশে সোপর্দ করে।
ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বাসে অগ্নিসংযোগের এই ঘটনায় জনতার হাতে ধাওয়া খেয়ে পানিতে ডুবে নিহত 'দুষ্কৃতকারীর' নাম সাইয়াফ (১৮) এবং গ্রেপ্তারকৃত অপরজন রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮)।
তিনি বলেন, নাশকতামূলক এই ঘটনায় জড়িত পলাতক অপর দুষ্কৃতকারীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
