এনসিপি নেতা মাসউদের মুচলেকায় ছাড়া পাওয়া সমন্বয়ক ফের চাঁদাবাজির অভিযোগে আটক
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বসিলার একটি বেসরকারি ক্লিনিক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই হাসপাতালে একটি নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চাঁদা দাবি করতে আসে একটি চক্র। রোববার সন্ধ্যায় তারা হাসপাতালের মালিকের কাছে টাকা দাবি করলে মালিক সেনাবাহিনীকে খবর দেন। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করে।
আটক ব্যক্তিরা হলেন— সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)।
হাসপাতালের মালিক শিল্পী আক্তার জানান, “আমার হাসপাতালে মৃত শিশু জন্মের পর কয়েকজন সমন্বয়ক পরিচয়ে এসে চাঁদা দাবি করে হুমকি দেয়। একাধিকবার তারা আমার ও আমার ছেলের কাছে টাকা চাইছিল। আমি অস্বীকার করলে আরও কয়েকজন ঢুকে পড়ে। পরে আমি সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে পাঁচজনকে আটক করে।” তিনি এ ঘটনায় থানায় চাঁদাবাজির মামলা করেছেন বলেও জানান।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, “সেনাবাহিনী পাঁচজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। হাসপাতালের মালিক বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেছেন। আটকদের মধ্যে রাব্বির বিরুদ্ধে আগে থেকেও চাঁদাবাজির মামলা রয়েছে।”
উল্লেখ্য, গত ১৯ মে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করলে পুলিশ রাব্বিসহ কয়েকজনকে আটক করেছিল। তবে পরদিন এনসিপি নেতা হান্নান মাসউদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন।
