এডিসিকে ছুরি মারা সেই ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের এক এডিসিকে ছুরি মারায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সেই ছিনতাইকারীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। তবে কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি।
ডিএমপি এক বার্তায় জানায়, 'কারওয়ান বাজারে পুলিশের এডিসিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।'
গত ১২ আগস্ট মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর এক ‘ছিনতাইকারীর’ হাতে ছুরি দেখে তাকে আটক করতে যান।
তখন ‘ছিনতাইকারী’ মেট্রোরেল স্টেশনের নীচ দিয়ে দৌড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকেন। সেই সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংগামী রাস্তায় গাড়ি থেকে নেমে পুলিশ কর্মকর্তা সুমন রেজা তাকে আটকের চেষ্টা করেন।
‘ছিনতাইকারী’ তখন তার হাতে থাকা ছুরি দিয়ে সুমন রেজাকে আঘাত করেন। ছিনতাইকারীর আঘাতে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে ‘অনেকটা’ কেটে যায় এবং ‘ছিনতাইকারী’ পালিয়ে যায়।
