মতিঝিলে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় তিনজন গ্রেপ্তার
ছবি : সংগৃহীত
রাজধানীর মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। পুলিশ বলছে, ডাকাতির ঘটনায় ব্যবহৃত হাইয়েস গাড়ি এবং নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃত হলেন, মো. শামিম রহমান (২৯), মো. মিজান রহমান (৫১) ও রবিউল ইসলাম জুয়েল (৪২)।
সোমবার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৭ থেকে ২৯ জুন ঢাকা ও ঝালকাঠিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় শামিমের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস গাড়ি ও মিজানের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা ও জুয়েলের কাছ থেকে নয় হাজার টাকা উদ্ধার করা হয়।
গত ২৬ জুন বৃহস্পতিবার দুপুরে ওয়ারীর নবাবপুরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো. খলিল মিয়া (২৬) ও ইব্রাহীম হোসেন রিফাত (২৪) নামের দুই ব্যক্তি একটি স্কুটিতে করে নগদ ৩০ লাখ টাকা মতিঝিল সিটি ব্যাংক শাখায় জমা দেওয়ার জন্য রওয়ানা দেন।
তারা মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছা মাত্রই ৬/৭ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে ডিবি লেখা একটি হাইয়েস মাইক্রোবাসে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরে দুজনকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে ৩০ লাখ টাকা নিয়ে হাত-পা বেঁধে সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় একটি ময়লার ডাস্টবিনে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক সাইদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির মতিঝিল থাৃেনায় একটি মামলা হয়।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার থেকে রোববার ঢাকা ও ঝালকাঠি জেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মিজানের নামে ঝালকাঠির রাজাপুর ও নারায়ণগঞ্জের আড়াই হাজার থানায় আরো দুটি ডাকাতির মামলা রয়েছে।
