এক্টিভিস্ট তামান্নার বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ
ইসলামধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিপূর্ণ মন্তব্য করায় তামান্না আক্তার সোমা বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে তারা এ বিক্ষোভ সমাবেশ করেন।
সিলেট জালালাবাদ কলেজ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচিতে বক্তব্য রাখেন মুফতি মাওলানা আতাউর রহমান, হাফেজ মিজানুর রহমান, জালালাবাদ কলেজের সাবেক শিক্ষার্থী রুবেল মিয়া।
এসময় বক্তারা বলেন, বিতর্কিত লেখিকা প্রবাসী তামান্না আক্তার সোমা বিদেশের মাটিতে বসে বিভিন্ন সামাজিক মাধ্যমে ইসলাম ধর্ম ও মুসলমানদের ধর্মীয় বিশ্বাস নিয়ে একের পর এক কূরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। যা এদেশের কোটি কোটি মুসলিম সমাজকে ব্যথিত ও বিক্ষুব্ধ করে তুলেছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, তামান্নার মতো কিছু ব্লগার অপপ্রচার চালিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে।
বক্তারা বলেন, সিলেটের দক্ষিণ সুরমা কলেজের সাবেক শিক্ষার্থী তামান্না আক্তার সোমা জনরোষের ভয়ে বিদেশে পালিয়ে গিয়ে এখন অনলাইনে ধর্ম অবমাননা করে নানা মন্তব্য করছেন। সরকারকে অনুরোধ কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তামান্নার বিচারের দাবিতে সিলেটেও কর্মসূচি পালন করেছেন মুসল্লিরা।
