কারাবন্দি মায়ের শেষ দেখা, পৃথিবী ছাড়ল প্রতিবন্ধী সন্তান
প্রতিবন্ধী ছেলের মরদেহ নিয়ে যাওয়া হয় কাশিমপুর কারাগারে, বন্দি মা শারমিন সুলতানাকে দেওয়া হয় শেষবার দেখার সুযোগ
ছবি সংগৃহীত
সন্তানকে শেষবারের মতো দেখার আকুতি ছিল এক মায়ের। কিন্তু সেই মা কারাবন্দি। তাই ছেলের মরদেহ নিয়ে যাওয়া হয় কারাগারের ফটকে। সেখানে মাত্র পাঁচ মিনিটের জন্য সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মি। কারাগারের ভেতর থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায় জানান তিনি।
শুক্রবার মারা যায় শারমিনের ছেলে তূর্য। শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে ছেলের মরদেহ দেখার সুযোগ পান বন্দি শারমিন।
শারমিন সুলতানা শর্মি (৪৪) ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী।
শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ তাঁদের বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
নিপুন বলেন, তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনই জন্ম থেকে প্রতিবন্ধী। ছেলে তূর্য জন্মের পর থেকেই মায়ের হাতে খাওয়া-দাওয়াসহ সব ধরনের পরিচর্যায় অভ্যস্ত ছিল। স্ত্রী গ্রেপ্তার হওয়ার পর সে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। তার যথাযথ পরিচর্যা করার মতো কেউ ছিল না। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তূর্য মারা যায়।
তিনি আরও দাবি করেন, গ্রেপ্তারের আগে তাঁর স্ত্রীর নামে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্র করে তাঁকে আটক করার পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়ানো হয়েছে।
কারাগার থেকে বেরিয়ে শারমিনের ছোট বোন শাম্মী বলেন, তাঁর বোন ২০২২ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর বোন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। রাষ্ট্র তাঁর বোনকে জামিন দেয়নি। মায়ের অনুপস্থিতিতে সন্তানটি মারা গেল।
আক্ষেপ করে শাম্মী বলেন, ‘আমার বোনকে মাত্র পাঁচ মিনিট সময় দিয়েছে তার সন্তানকে শেষবার দেখার জন্য।’
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ কারাগারে আনা হয়। এ সময় পরিবারের স্বজনেরাও সঙ্গে ছিলেন। পরে নিয়ম অনুযায়ী বন্দি শারমিনকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।
