স্ত্রীসহ পল্লবী থানার সাবেক ওসি অপূর্বের ৬৫৫ শতাংশ জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ছবি সংগৃহীত
রাজধানীর পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের গোপালগঞ্জ এবং ঢাকায় ৬৫৫ শতাংশ জমি জব্দ, দুটি ব্যাংক ও একটি বিমা হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন।
এর আগে, দুদকের সহকারী পরিচালক মো. রাসেল রনির এসব আবেদন করেন।
আবেদন সূত্রে জানা যায়, অপূর্ব হাসানের জব্দ করা স্থাবর সম্পদের মধ্যে রয়েছে— গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৯২ দশমিক ৯ শতাংশ জমি, যার মূল্য দেখানো হয়েছে ৩২ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া ঢাকার বাড্ডায় ৬ দশমিক ২৫ শতাংশ জমি রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৭০ হাজার টাকা।
অন্যদিকে, তার স্ত্রী ফাতিমা রহমানের নামে গোপালগঞ্জের কাশিয়ানীতে ২৫৫ দশমিক ৯২ শতাংশ জমি রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ৪৩ লাখ ৪৭ হাজার টাকা।
এ ছাড়া অপূর্ব হাসানের দুটি ব্যাংক হিসাবে থাকা ৬ লাখ ৮৩ হাজার ২০ টাকা এবং ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি বিমা পলিসিও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। ওই বিমা হিসাবে ৮ হাজার ৯২৯ টাকা জমা রয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, অপূর্ব হাসানের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকা এবং ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে অভিযোগসংশ্লিষ্ট অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের এসব স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।
অনুসন্ধানকালে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের নামে স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এমতাবস্থায় তাদের সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে এই সম্পদ উদ্ধারকরণ দুরূহ হয়ে পড়বে। এ কারণে স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।
