অবৈধ সম্পদ ও তথ্য গোপন, সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক নূরে আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মারিয়াম লাকি জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে কাজী জহিরুল ইসলাম মানিককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সম্পদের তথ্য গোপনের অপরাধে আরও তিন বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
প্রসিকিউটর জানান, দুদকের নতুন আইন অনুযায়ী দুই ধারার সাজা ধারাবাহিকভাবে কার্যকর হবে। ফলে সাবেক এই কাউন্সিলরকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।
সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জন
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর কাজী জহিরুল ইসলাম মানিককে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নোটিশ দেয় দুদক। ওই বছরের ২ নভেম্বর তিনি সম্পদের হিসাব জমা দেন। সেখানে ৭১ লাখ ৯৯ হাজার ৫২৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে ৯৮ লাখ ২০ হাজার ৭৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজের দখলে রাখার অভিযোগ আনা হয়।
যেভাবে এগিয়েছে মামলা
এ ঘটনায় ২০২৫ সালের ৬ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ কমিশনের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে মামলা করেন।
তদন্ত শেষে একই কর্মকর্তা চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ২৯ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।
বিচার চলাকালে আদালত পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন বিচারক।
রায় অনুযায়ী, অর্থদণ্ডের ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। পলাতক সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের জন্যও পরোয়ানা জারি করেছেন আদালত।
